আমাদের মাঝে বিকৃতি আছে কিনা বা কতোটুকু আছে তা বুঝার লক্ষ্যে কিছু এ যুগীয় প্রশ্ন:
(উল্লেখ্য, প্রশ্নসমূহ ‘মাঠ পর্যায়’ বা ‘Root Level’ থেকে উঠে আসা।)
১.কেবল দেখানোর জন্য (বা রিপোর্টে লেখার জন্য) কি কুরআন পড়া হয়? কুরআন দ্বারা আমরা নিয়মিত ঈমানকে বৃদ্ধি করতে পারছি কি?
২.পরিবারের প্রতি যথাযথ প্রভাব আছে কি? পরিবার কি অনৈসলামিক স্বভাব ও রুচিসম্পন্ন?
৩.মোবাইল ল্যাপটপে কি এতো বেশি নাটক ও সিনেমা পাওয়া যায় যে মনে হয় সেগুলোর সব বৈধ (মুবাহ) হয়ে গেছে? যাচ্ছেতাই গান শোনা, নাটক দেখা ও আগ্রহ সহকারে নারী প্রসঙ্গ নিয়ে (এবং নারীদের ক্ষেত্রে পুরুষ প্রসঙ্গ নিয়ে) অশালীন কথা বলার অভ্যাস আছে কি?
৪.পারস্পরিক যোগাযোগ কি কমে গেছে? কর্মসূচী ও যোগাযোগের ক্ষেত্রে ঠিকমতো ‘সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা’ বা ‘ইহতিসাব’ করা হয় কি? সমালোচনা বেড়ে গেছে কি? আড্ডা মানেই কি সমালোচনা?
৫.ক্যারিয়ারের ব্যাপারে মাত্রাতিরিক্ত উদাসীনতা বা মাত্রাতিরিক্ত সচেতনতা কি বিদ্যমান?
৬.বেশি টিউশনী করানো হচ্ছে কি? টিউশনীর ক্ষেত্রে পুরুষ শিক্ষক মেয়েদেরকে পড়ান কি? ছাত্রী পড়াতে বিবাহিত পুরুষদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কি? বিয়ে করলে কি পর্দার বিধান থাকে না?
৭.প্রদর্শনেচ্ছার বৃদ্ধি পেয়েছে কি? বিশেষ করে ফেসবুকে?
৮.জীবনমান স্বাভাবিক না রেখে উচ্চমানের করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রবণতা মাত্রাতিরিক্ত হয়ে গেছে কি?
৯.বিশেষ স্থানে (যেমন কোচিং এ) কাজে আগ্রহ আছে কিন্তু ক্যাম্পাসে কি অনাগ্রহী? যেখানে ঝুঁকি কম সেখানে সক্রিয় থাকলেও অন্যত্র ততোটা সক্রিয়তা আছে কি?
১০.নেতাদের অবস্থা, প্রশাসনিক নির্যাতন, খারাপ রেজাল্ট ইত্যাদি কারণে হতাশা বিরাজ করছে কি?
১১.জনশক্তিকে কি প্রচলিত ধরনের ‘মুরীদ’ ভাবা হয়? নেতার কথাকে কি দলীলের মতো অখণ্ড পর্যায়ের মর্যাদা দেওয়া হয়?
১২.মতবিরোধ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কি বড় বা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দূরে রাখা হয়? উর্ধ্বতন সংগঠনে তাদের ব্যাপারে কি বিষোদগার করা হয়?
১৩.তাকওয়া, যোগ্যতা ইত্যাদি কম থাকা সত্ত্বেও নিজের পছন্দের ব্যক্তিকে একক সিদ্ধান্তে দায়িত্বশীল বানানোর বা রাখার চেষ্টা করা হয় কি?
১৪.বর্তমান সকল সদস্যদের চিন্তার বিপরীতে সাবেক কিছু নেতাদের মতের হুবহু বাস্তবায়ন করা হয় কি?
১৫.জনশক্তিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বা জনপ্রিয় হওয়ার জন্য অপচয় করা হয় কি? (যেমন: অতিরিক্ত ভ্রমণ, দলের টাকায় নিজেদের মধ্যে উপহার আদান-প্রদান)। এভাবে অর্থনৈতিক অনটনের মধ্যেও আর্থিক ক্ষতি করা হয় কি? অর্থনৈতিক লেনদেনের প্রকৃত হিসেব দেওয়া হয় কি?
১৬.সংগঠনের মোটর সাইকেল নিয়ে কি ঈদে বা অন্য সময় নিজ বাড়িতে যাওয়া হয়? সেটা কি আত্মীয়কে দেওয়া হয়?
১৭.ছাত্রদের মধ্যে জনশক্তি বেশি বিদায় নেওয়ায় কম দক্ষরা নেতৃত্বে উঠে আসছে কি?
১৮.দায়িত্বশীলের মধ্যে বড় ধরনের দুর্বলতা আছে কি? কথার অমিল, কাজের অমিল, পর্দা সমস্যা, মোবাইলে প্রেম ইত্যাদি আছে কি? কাউকে না জানিয়ে হঠাৎ বিয়ে করা হচ্ছে কি? নারীর সাথে ঘোরাফেরার পর দায়িত্বশীলকে জানানোর মাধ্যমে ভাবমর্যাদা নষ্ট করা হচ্ছে কি?
১৯.জনশক্তি দায়িত্বশীলের দুর্বলতাগুলো জানে কি? জনশক্তি কি এভাবে খারাপ হওয়ার লাইসেন্স নিচ্ছে? দায়িত্বশীলের দুর্বলতাগুলো কি আনুগত্য কমিয়ে দিচ্ছে?
২০.উর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা কি কখনো কখনো একপেশে? শাখা নেতার অভিযোগে বিনা যাচাইয়ে কারোর ছাত্রজীবন শেষ করা হয়েছে কি? কাউকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে?




